বুয়েটের নকশায় দেশেই তৈরি হচ্ছে পিপিই

২২ মার্চ, ২০২০ ১৪:৩৫  
অবশেষে করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের জন্য সুরক্ষা পোশাক তৈরি হচ্ছে দেশেই। সাবেক সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেনের সমন্বয়ে চলছে এই পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) তৈরির কাজ। প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একদল অ্যালামনাই সদস্যের সঙ্গে এই কাজটি করছেন মার্কস অ্যান্ড স্পেনসার (এমঅ্যান্ডএস) এর কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিকের দল। প্রকৌশলী ড. ফজলে মাহবুবের নেতৃত্বে বুয়েট এলামনাই এসোসিয়েশন সদস্যরা এই পিপিআই নকশা করেন। স্বপ্না ভৌমিকের এক স্ট্যাটাসের পর ফেসবুক থেকে টুইটার হয়ে সংবাদটি ছড়িয়ে বিশ্বময়। শনিবার রাতে নিজের ফেসবুকে তিনি জানান, বুয়েটের একদল অ্যালামনাই আর আমার দল মিলে তৈরি করছি পিপিই, সহযোগিতা করছে এফসিআই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তারা এ পোশাক তৈরির উদ্যোগ নিয়েছেন। এরপর থেকেই ফেসবুকে চলছে জাতীয় শক্তির বন্দনা। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে প্রাথমিক টেস্ট কিট তৈরিতে ঔষধ প্রশাসনের অনুমোদন, বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিতরণ এবং সর্বশেষ পি্পিই তৈরির ডিজিটাল শক্তিরই উন্মেষ হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। ফেসবুক, টুইটারের মতো ডিজিটাল মিডিয়া এই শক্তিকে বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন তারা।